
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র্যাব)
ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ তাসলিমা খাতুন (৪৬) নামে এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-১০ সদস্যরা।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযান চলাকালে চুইঝাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ‘গোল্ডেন লাইন’ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজাসহ তাসলিমাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তাসলিমা মাগুরা সদর উপজেলার ছয়চার গ্রামের মৃত আবু তালেব খন্দকারের মেয়ে বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তাসলিমা নিজেকে পেশাদার মাদককারবারি হিসেবে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন। বিশেষ করে যাত্রীবাহী বাস ব্যবহার করে মাদক পরিবহন করাই ছিল তার প্রধান কৌশল।
এ ঘটনায় ওই নারীর নামে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, মাদক নির্মূলে র্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চলবে।
এ বিভাগের আরও খবর...